সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন স্কুল ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের উদ্যোগে এবং অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয় শুধু পাঠ গ্রহণের জায়গা নয়, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠারও জায়গা। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের পরিবেশের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। শিশুদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তারা বিদ্যালয়ে আসা ও পড়াশোনার প্রতি আরও উৎসাহিত হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষকদের কথা মেনে চলা এবং ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মফিজুল ইসলাম ও প্রবীর মণ্ডল এবং এসএমসি সহসভাপতি আকবর হোসেন লস্কর।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার, হাফিজা খাতুন, ফারজানা বানু, জামিলা খাতুন ও সাবিরা আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।