মাধবপুরে ১১৮টি দুর্গাপূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান!
মোঃ রুবেল মিয়া,হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ১১৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে সায়হাম গ্রুপ। এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ অরুণ কুমার নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।
মাধবপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক হিমাংশু দেব, অধ্যাপক পঙ্কজ রায়, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, মাধবপুর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কান্তি পাল, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, পৌর আহ্বায়ক সুরঞ্জন পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল, আদাঐর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মৃণাল বিশ্বাস ও বিউটি কৈরি প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটের সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে মাধবপুরে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, এবার মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ১১৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।