রাজশাহীর আদালত প্রাঙ্গণে হাজতি আসামীর হাতে গাঁজা, তাৎক্ষণিক বিচারে এক বছরের কারাদণ্ড
মশিউর রহমান রাজশাহী:
রাজশাহী আদালত প্রাঙ্গণে হাজতি এক আসামীর কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় তাৎক্ষণিক (সামারি) ট্রায়ালে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ (রোববার) রাজশাহী মহানগর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম অমিত হাসান। তিনি একটি ছিনতাই মামলায় হাজিরা শেষে কারাগারে ফেরার পথে ভিড়ের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে হাতে গাঁজার একটি পুটলি নেন বলে পুলিশের দাবি। এ সময় তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি দেখে তাঁকে আটক করেন এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
পরে আসামিকে মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহর আদালতে উপস্থাপন করা হলে বিচারক ঘটনাটি আমলে নিয়ে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।