সড়কে প্রাণ গেল সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের পেশ ইমামের, ইফার শোক প্রকাশ
নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবীব এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট
নোয়াখালী সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের পেশ ইমাম মাওলানা মাকসুদুল আলম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার (১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার তোতা মিয়ার বাজার সংলগ্ন এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর।
নিহত মাকসুদুল আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নং ওয়ার্ড নুর আলম ( মন্ত্রী সওদাগরের) ২য় ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা মাকসুদুল আলম নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সম্মানিত পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দ্বীনি দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।