মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান: পাঁচ দিনে বাংলাদেশি সহ আটক ৪৭১ অবৈধ অভিবাসী
কুয়ালালামপুর, ১৩ জুন: অবৈধ অভিবাসন ও ভিসার অপব্যবহার রোধে দেশব্যাপী জোরালো অভিযান চালিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মাত্র পাঁচ দিনে পরিচালিত ১৭৯টি অভিযানে ৪৭১ জন অবৈধ অভিবাসী (পিএটিআই) এবং ৩১ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, ৮ থেকে ১২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে মোট ১,৪৯৪ জন ব্যক্তি যাচাই-বাছাই করা হয়। তদন্ত শেষে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ৪৭১ জন বিদেশিকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ, আশ্রয় প্রদান এবং অভিবাসন আইন লঙ্ঘনে সহযোগিতার অভিযোগে ৩১ জন নিয়োগকর্তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযানের সংখ্যার দিক থেকে জোহর রাজ্য শীর্ষে রয়েছে, যেখানে ৫২টি অভিযান পরিচালিত হয়েছে। এরপর রয়েছে পেরাক (৩৬), কেদাহ (২৫) এবং পুত্রাজায়া (২২)।
ইমিগ্রেশন বিভাগ বলেছে, বিদেশি নাগরিকদের জন্য প্রদত্ত পাস ও ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। বৈধ অনুমতি ছাড়া কাজ করা, অবৈধ ব্যবসা পরিচালনা, পাসের অপব্যবহার এবং অন্যান্য অভিবাসন অপরাধের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।
সাংবাদিক আবশ্যক
বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার, বিচার, পাস বাতিল এবং নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও জোরালো ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।
মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান: পাঁচ দিনে বাংলাদেশি সহ আটক ৪৭১ অবৈধ অভিবাসী