আলোকস্বল্পতার পর বৃষ্টি। মিরপুর টেস্টে এমন দৃশ্য যেন নিয়মিত চিত্র প্রথম টেস্টের শুরুর দিন থেকে আজ পর্যন্ত এমনটাই চলছে। টেস্টের শেষ দিকে এসে বাংলাদেশের জন্য এখন এটাই উত্তম উপায় ম্যাচ বাঁচানোর।
প্রকৃতির কাছে তাই করজোড় প্রার্থনা করতে পারেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। যেন বৃষ্টির সময়কাল দীর্ঘ হয়।
অন্যথা, ঘরের মাঠে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হবে বাংলাদেশকে।
আজ বাদ টেস্টের এখনো একদিন বাকি থাকায় প্রার্থনাও হয়তো যথেষ্ট হবে না। ওয়েস্ট ইন্ডিজের জিততে খুব বেশি আর রানের প্রয়োজন নেই। জয় থেকে ১০৬ রান দূরে তারা।
আর উইকেট? ১০টাই হাতে আছে তাদের।
আলোকস্বল্পতার পর যখন বৃষ্টি নামে তখন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস দাঁড়ায় বিনা উইকেটে ৬৪ রান। প্রকৃতি প্রতিদিনই এমন ছলনা করছে বলেই হয়তো ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে স্টাইলে খেলছে ক্যারিবিয়ানরা। হাতে সময় থাকায় চাইলে ধীরে সুস্থে খেলতে পারতেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল। কিন্তু তারা ক্রিজে নেমেই মারমুখী।
কিংয়ের ২৯ রানের বিপরীতে ২৭ রানে অপরাজিত আছেন ক্যাম্পবেল। সতীর্থর ২ চার ও ১ ছক্কার বিপরীতে কিং হাঁকিয়েছেন ৩ চার ও সমান ১ ছক্কা। তাদের জুটি ভাঙতে মাথা ঠুকরাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা।
পরাজয়ের আগে বৃষ্টির কান্না
এর আগে বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রানে চতুর্থ দিন শুরু করতে নেমে ১৪২ রানে থেমেছে। এই সংগ্রহটা এসেছে নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তাকে আউট করে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেস।