সৈয়দপুর সেনানিবাসস্থ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসি অ্যান্ড এস) বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত
সম্মেলনে উপস্থিত ইএমই কোরের সব ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান।
তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন এবং সামরিক যন্ত্রপাতির সুরক্ষায় মেরামত ও রক্ষণাবেক্ষণে ইএমই কোরের গৌরবোজ্জ্বল ভূমিকা ও পেশাদারির প্রশংসা করেন সেনাপ্রধান।
কোরের সার্বিক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইএমই কোরের প্রত্যেক সদস্যকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন কোরের সদস্যদের মাঝে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য এবং পেশাগত মমত্ববোধকে আরো সুদৃঢ় করে। আগামীতেও দেশ ও জাতির সার্বিক সেবায় আত্মনিবেদিত থাকার জন্য তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান।
সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত
উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এলাকা কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়কগণ, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনা সদস্যরা এতে অংশ নেন।
সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত