এনডিপি ৭ নভেম্বরই ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তি: এনডিপি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এনডিপির বিবৃতি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তোজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ও মোঃ গোলাম মোস্তফা রাজু যুগ্ম মহাসচিব যৌথ বিবৃতিতে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি মুক্তি, স্বাধীনতা, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
নেতৃদ্বয় বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব দেশের রাজনৈতিক গতিপথে যে পরিবর্তনের সূচনা করেছিল, তা ইতিহাসের অংশ হয়ে আছে।
তাঁরা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনভাবে মতপ্রকাশের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্যে জনগণের অধিকার ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষার একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।
নেতৃদ্বয় বলেন, ইতিহাসকে অস্বীকার করে কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিবৃতিতে তাঁরা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।