রাজারহাটে বর্জ্য ড্রেনে কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ছয় দিন আগে কে বা কারা শিশুটিকে ওই স্থানে ফেলে রেখে যায়। মাছি ভনভন করতে দেখে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি তাদের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বিএল হাইস্কুলের পূর্বদিকে একটি ময়লার ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। গত সোমবার (৭ সেপ্টেম্বর) শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে তখন বিষয়টি কারও নজরে আসেনি।
১২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ওই ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শী মামানা বেগম বলেন, ‘আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমি, কামরুন নাহার ও মেহেরুন বিষয়টি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই।’
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় দণ্ডবিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।