লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক পারভীন আক্তার
মোঃ মালিকুল আজিম (ইসমাইল)
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজটির ইংরেজি বিভাগের অধ্যাপক পারভীন আক্তার।
অধ্যক্ষ পদ শূন্য হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে জ্যেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে প্যানেল গঠন করা হয়। পরবর্তীতে ওই প্যানেল থেকে অধ্যাপক পারভীন আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। গত ৯ আগস্ট থেকে তার দায়িত্ব কার্যকর হয়েছে বলে জানা গেছে।
অধ্যাপক পারভীন আক্তার দীর্ঘদিন ধরে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কলেজের শিক্ষক পরিষদের সহসভাপতির দায়িত্বও পালন করছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার বাসিন্দা অধ্যাপক পারভীন আক্তার রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদের সন্তান।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক পারভীন আক্তার বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।
সাবেক শিক্ষার্থীর প্রত্যাশা
অধ্যাপক পারভীন আক্তার আমারও একজন শ্রদ্ধেয় শিক্ষিকা। লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে অধ্যয়নকালে ইংরেজি বিভাগের শিক্ষিকা হিসেবে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। চলতি বছর আমার কলেজজীবনের পড়াশোনা ও পরীক্ষার পর্ব শেষ হয়েছে। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের একজন শিক্ষিকাকে একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে দেখতে পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
শিক্ষক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা, দায়িত্ববোধ, দক্ষতা ও নেতৃত্বগুণ কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। তার নেতৃত্বে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের।
অধ্যাপক পারভীন আক্তারের নতুন দায়িত্বের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার নেতৃত্বে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ আরও সাফল্যের পথে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।