জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে, সভাপতি আলমগীর গণি ও মহাসচিব মনজুরুল হোসেন নির্বাচিত,,,
বিপ্লব সরকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ৪৫ তম জাতীয় সাংবাদিক সমাবেশে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ আলমগীর গণিকে সভাপতি এবং মোঃ মনজুরুল হোসেনকে মহাসচিব ঘোষণা করা হয়।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের অডিটোরিয়ামের তৃতীয় তলায় জাতীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের সহধর্মিণী ও সংগঠনের নেত্রী মোছা. আছিয়া আক্তার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর গণি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জাকারিয়া তাহের সুমন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
সমাবেশে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলার সভাপতি মাসুদুর রহমান মিলন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা, ঐক্য এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মহসিন হাবিব সবুজ ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকার সহ ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা (JSS) ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি বিশিষ্ট সাংবাদিক মরহুম মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন। দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করা এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ পথ পরিক্রমায় জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিক সমাজের একটি পরিচিত সংগঠনে পরিণত হয়েছে।
নতুন নেতৃত্বের কাছে সাংবাদিক সমাজের প্রত্যাশা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।