নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন । রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা সমস্যা রয়েছে। এসব সংকট নিরসনে নতুন সভাপতির কাছে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন রোগী, স্বজন ও সংশ্লিষ্টরা।
বুধবার (৪ নভেম্বর) ভূমিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মিজানুর রহমান মিনুকে রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। প্রজ্ঞাপনের অনুলিপি হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি মনোনীত সভাপতিকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক রোগী প্রতিদিন রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীর তুলনায় শয্যাসংখ্যা কম হওয়ায় অনেককে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হয়। এর পাশাপাশি রয়েছে চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা। এসব কারণে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দিতে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে নতুন সভাপতি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দায়িত্ব গ্রহণকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, ব্যবস্থাপনা কমিটির সক্রিয় উদ্যোগে শয্যা ও জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।