যশোরের মণিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় আমানুল্লাহ (৫৩) নামের এক ইমামের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। দুর্বৃত্তরা তাকে বেড়ধড় পিটিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। আহত ইমাম মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানাযায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের পাশের রাস্তায় এ ঘটনা ঘটেছে। আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘আমানুল্লাহ আজ ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে হেলাঞ্চি বাজার মসজিদে নামাজ পড়াতে আসছিলেন। এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে গিয়ে ইমামকে দেখে এসেছি।’
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন বলেন, সকাল সাড়ে ৬টার দিকেআহত আমানুল্লাহকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর মাথাসহ দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আহত ইমামকে হাসপাতালে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক।
নূরুল হক
মনিরামপুর, যশোর।
মোবাইল-০১৭২১৩৯০২০৮
তারিখ-২৫/০৭/২০২৬ইং