ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩২ মামলার পলাতক আসামি আটক
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বহু মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি মোঃ মোজাম্মেল হক ওরফে মোজাম (৪৯) আটক হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) পরিচালিত অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, মোজাম্মেল হকের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি ও মাদক সংশ্লিষ্টসহ মোট ৩২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোজাম্মেল হক বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবি পুলিশের দাবি, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।